ফেনী প্রতিনিধি:: ফেনীর পরশুরাম বাজারে পাওনা টাকা চাওয়ায় এক ব্যবসায়ীকে বেদড়ক মারধর করেছেন স্থানীয় যুবদল সভাপতি ও তাঁর অনুসারীরা। গুরুতর আহত ওই ব্যবসায়ী সুমন হোসেন বর্তমানে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে। আহত সুমন হোসেন পরশুরাম উত্তর বাজারের একজন পরিচিত ব্যবসায়ী। তিনি জানান, দক্ষিণ কোলাপাড়া ৫ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি মো. ছায়েমের কাছে পূর্বের বাকি টাকা চাইতে গেলে তিনি ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন অনুসারী মিলে তাঁকে বেধড়ক মারধর করেন। এতে তিনি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর আঘাত গুরুতর হলেও তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
সুমন হোসেন বলেন, "আমি শুধু আমার পাওনা টাকা চেয়েছিলাম। বিনিময়ে আমাকে এইভাবে মারধর করা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেব।"
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
অভিযুক্ত মো. ছায়েমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
একাধিক সূত্র জানিয়েছে, পরশুরামে বিএনপির কিছু নেতা চাঁদাবাজি ও সালিশ বাণিজ্যে জড়িত রয়েছেন। এতে বিএনপির কেন্দ্রীয় নেতারাও নাখোশ।
ব্যবসায়ী মারধরের ঘটনায় পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।